জানালার পর্দা সরালে সকালে—
প্রস্তরখন্ডের আড়ালে ভেজা ভেজা মুখ,
আর কড়ি কাঠে ঝুলে আছে ধূসর অতীত।
বালুঘড়ি জানিয়ে দিয়েছে বিস্তারিত;
বিষণ্নতা বন্ধক রেখে কেউ হাত ধরে না বিনিময়ে—
মরা মরা দিনগুলো প্রদর্শনের অভাবে
হয়ে গেছে আলমিরা-শোভা।
তোমার ঠিক মনে নেই অবন্তিকা,
মুখটি মাপা তেলে আমাদের ভাজা ভাজা
অতীত; প্রাত্যহিক যাপন আর
হাওয়ার মিঠাই— প্রিয় ছিলো।
এখন, জানালার পর্দা সরালেই সকাল—
আর পর্দার আড়ালে লুকিয়ে আছে কিছু বিধ্বস্ত
হাওয়ার মিঠাই—






