আমি একটি নদীকে জানি। উচ্ছ্বল, আমার প্রেমিকা। তার সাথে যাবতীয় খুনসুটি আমাদের সান্নিধ্যকে নৈকট্য দেয়। রাত্রিময় স্বাপ্নিক অধ্যায় বোনা রূপালী শিশিরের রন্ধ্রে রন্ধ্রে ঝিকমিক করে ওঠা ঔজ্জ্বল্যে পৌরাণিক কাহিনী জেগে ওঠে। আমি তার ওষ্ঠ চুম্বন করি। সামাজিক অহমিকার তপ্ততা ভ্রুকুটি করে তার ওষ্ঠ ভবিষ্যতে নির্ধারিত গন্তব্য জেনে আমার জ্বলন্ত মুখগহ্বরে যাত্রা করে। মাঝে খুব চুপচাপ, লাজুক, কখনো চুলে ইলিবিলি কেটে আদর করে।
আমি তার পৌরাণিক হৃদয় সাঁতরে বৈতরণী পার হবার অপেক্ষায় ভালোবাসি।
দানবের মতো সূর্য চোখে, কখনও খুব নিঃসঙ্গ দাঁড়ায়। ভয়ের বর্শা এগিয়ে এফোঁড়-ওফোঁড় করে প্রিয়মুহূর্ত। আমি তার অসংখ্য লৌকিকতা থেকে খুব নিভৃত অনাড়ম্বর কিছু জানি। আমার শৈথিল্যে ক্লান্ত করে কিনা জানা নেই। আলাদা অস্বচ্ছ ভূমিকায় তাকে জানি। সেই স্রোতস্বিনী, আমার প্রেমিকা।



