তখনো আমার দুধদাঁত পড়েনি,
ঘাসফড়িং প্রিয় হয়ে উঠলো।
তারপর গঙাফড়িং প্রিয় হয়ে উঠতেই
সবগুলো দাঁত একে একে পড়ে গেল।
ইঁদুরের কাছে প্রার্থনা করেছিলাম—
এক একটি পড়া দাঁতের বিনিময়ে,
তারপর শুরু আমার দাঁতের খেল্
ধানের গোলা কাটতে কাটতে
একদিন বেড়া কাটি, আরেকদিন সিঁদেল…
এভাবে কাটতে কাটতে একদিন খালও কেটে ফেললাম,
দেখি—
ইয়া বড়ো কুমির—
খাঁজকাটা খাঁজকাটা লেজ,
একদিন একটা গোরু নিয়ে ডুবে যায় কুমির।
প্রকাশ্যে,
দিনদুপুরে—
লাল হয়ে উঠে নদীর জল।
সে রঙিন জল হরিনীর পিপাসিত চোখে গিয়ে বিঁধলো,
ঘাই হরিণ ছুটলো গভীর অরণ্যে,
অরণ্যের বাঁকে—
ডোরাকাটা বাঘ,
হরিণের শিং, হরিণের মুখমন্ডল ড্রয়িংরুমের শোভাবর্ধনে নিয়োজিত
দেওয়ালে অঙ্কিত টেরাকোটা:
বিনয় বাদল দীনেশ।
তখনো ফুল হাতা শার্ট পড়েনি,
ফুল প্যান্ট ও না।
কবিতার ক্লাসে খুঁজে ফিরি—
মায়ের স্তনের বোটা কাটা আমার দুধেল-দাঁত।






