আমাদের বোধের সূর্য
যুক্তিহীনতার চাদর মুড়ি দিয়ে
চলে গেছে গভীর শীতনিদ্রায়…।
আর বোধহীন আততায়ীরা নাঙা তলোয়ার হাতে
আমাদের উপত্যকা ও অরণ্য জুড়ে-
আনতে চলেছে মধ্যযুগীয় বর্বর চেঙ্গিস খানের অন্ধকার…!
পাতাঝরা দিন এলে-
চিরহরিৎ বৃক্ষের পাতারা ‘হারি-কিরি’ শেখে
সবুজ খুনে ভেসে যায় আমাদের ধূসর অরণ্য!
গাইয়ে পাখিরা মরে যায়
অথবা চলে যায় অজানা নির্বাসনে…।
দাউ দাউ করে জ্বলে বৃক্ষদের বসতি
পুড়ে যাওয়া সবুজ পাতারা যেন খাণ্ডবদাহন!
মাতৃভূমি অথবা সাড়ে তিন ইঞ্চি মাটির জন্য
গলাকাটা মুরগির মতো ছটফট করে
নীড়হারা সবহারা পাখিদের দীর্ণ হৃদয়…।
পোড়া মাটির গন্ধ শুঁকে শুঁকে
আবার একদিন ভেসে আসে উর্বর পলিমাটি…
আবার ফুল ফোটে অরণ্যের কানায় কানায়।
